• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :

‘আপনি জিতুন, আমরা আসব’- প্রধানমন্ত্রীকে মমতা

সিসি ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে মমতা বলেন, ‘আপনি জিতুন, আমরা আসবো।’এসময় ভিডিও কনফারেন্সে মমতা বন্দোপাধ্যায় শেখ হাসিনাকে পুজার শুভেচ্ছা জানান। শেখ হাসিনাও মমতা বন্দোপাধ্যায়কে জন্মাষ্টমী ও পুজার শুভেচ্ছা জানান।

সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি বিষয়ক প্রকল্প, রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’ প্রকল্প কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা একথা বলেন।

গণভবন থেকে শেখ হাসিনা, দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নরেন্দ্র মোদি এবং কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সে যোগ দেন।

মমতা বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক চিরকালেই খুব ভালো। সীমানা নির্ধারণ চুক্তি থেকে শুরু করে ছিটমহল বিনিময়, ইন্দো-বাংলাদেশ বাস সার্ভিস, রেল সার্ভিস, টেলিকমিউনিকেশন সার্ভিস, ইন্দো-বাংলাদেশ সড়ক— প্রতিটিই একটি করে যুগান্তকারী কর্মসূচি। এসবের মধ্য দিয়েই দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।’

ভারতীয়দের পক্ষ থেকে বাংলাদেশকে কিছুদিন আগেই চলে যাওয়া ঈদুল আজহার পাশাপাশি আসন্ন শারদীয় পূজার শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এটাই আমাদের সম্পর্ক। এটাই দুই দেশের সম্পর্ক। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। আমরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। সুতরাং দুই দেশের সম্পর্ক আরও বাডুক, আরও এগিয়ে যাক।’

মমতা বলেন, ‘আমি আরও বলি সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তনে হামারা। আর বাংলাদেশকে বলি আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি/ তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী/ ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ভরে/ তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে/ ওগো মা।’

ভাষাভাষীর দিক থেকে বাংলার স্থান সারাবিশ্বে পঞ্চম এবং এশিয়ার মধ্যে শীর্ষে এ তথ্য উল্লেখ করে মমতা বলেন, এই ভাষাও আমাদের বন্ধন। এই বন্ধন, দুই দেশের সম্পর্ক ভালো হোক।

এ সময় ‘জয় বাংলা’, ‘জয় ভারত’ বলে বক্তব্য শেষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

পরে আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ কাজ, কুলাউড়া-শাহবাজপুর লাইন সংস্কার প্রকল্প এবং বাংলাদেশের জাতীয় গ্রিডে ভারত থেকে ভেড়ামারায় নবনির্মিত ৫শ মেগাওয়াট এইচভিডিসি ব্যাক টু ব্যাক স্টেশন সেকেন্ড ব্লকের উদ্বোধন শেষে ভিডিও কনফারেন্সে কথা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে।

এ সময় শেখ হাসিনা মমতাকে বলেন, ‘কেমন আছেন?’

জবাবে মমতা বলেন, ‘আমি ভালো আছি। হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি।

শেখ হাসিনা বলেন, ‘খুব ভালো লাগল। একটা বিরাট কাজ হলো। আরও ১ হাজার মেগাওয়াটের জন্যও কাজ হবে আশা করি।’

এর জবাবে মমতা বলেন, ‘আমরা রাজি আছি। এটা আপনাদের পক্ষে ভালো কাজে লাগবে।’

এরপর মমতা গেল ঈদ ও আগাম শারদীয় শুভেচ্ছা জানালে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আবার বেড়াতে আসবেন। সেটাই চাই।

এর পরিপেক্ষিতে মমতা বলেন, ‘নিশ্চয়ই। আপনি জিতুন, আমরা আসবো।’

এসময় গণভবনে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরে হেসে ওঠেন। উপস্থিত সবাইও করতালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান।

এ সময় ভিডিও কনফারেন্সে আরও ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দে ও বাংলাদেশের রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর ঢাকায় শেখ হাসিনার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রেল-বিদ্যুৎ যৌথ প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সে মোদি হিন্দিতে বক্তব্য দিলেও শেষ পর্যায়ে এসে তিনি বাংলায় বলেন, ‘বাংলাদেশের ভাই ও বোনদের আমার নমস্কার। আজ থেকে আমরা আরও কাছে এলাম। আমাদের সম্পর্ক আরও গভীর হলো।’

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে মোদি বলেন, ‘কিছুদিন আগে কাঠমান্ডুতে বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। এর আগেও শান্তি নিকেতন এবং গত এপ্রিলে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের সময় লন্ডনেও দেখা হয়েছিলো। আমি খুবই আনন্দিত আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার (শেখ হাসিনা) সঙ্গে আরেকবার যোগাযোগের সুযোগ হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ