ঢাকা, ২৯ সেপ্টেম্বর: রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বন্ধু দগ্ধ হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে কাফরুলে একটি চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আবু হেনা মোস্তফা বাবু (৩২), সানি আহমেদ (২৭), কামাল হোসেন (৩০) ও পলাশ (৩০)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, কাফরুল ইব্রাহিমপুর পুলপার মনা মিয়ার চায়ের দোকানে বসে চা পান করছিলেন চার বন্ধু। তাদের এক বন্ধু ধূমপান শেষে সিগারেটের শেষ অংশ ছুড়ে মারলে দোকানের পাশে নালায় গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ওই নালা থেকে আগুনের ফুলকি এসে চা দোকানের গ্যাসের সিলিন্ডারে এসে লাগলে সেটি বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ
হন।
তাদের উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দগ্ধ বাবু ও সানির অবস্থা আশঙ্কাজনক। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।