সিসি ডেস্ক, ২৭ মার্চ।। আগামী ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে দমকা ও ঝড়ো হাওয়াসহ আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া।
বুধবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা ও ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হয়েছে। রাজধানীতে সকালে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অফিস আরো জানায়, আগামী ২৯ মার্চ পর্যন্ত সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং ৩০ মার্চ থেকে দেশের বিভিন্নস্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।