সিসি ডেস্ক, ১ মে ।। এবার ভারত ও বাংলাদেশে হামলার সরাসরি হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। পশ্চিমবঙ্গে হামলার জন্য নয়া দায়িত্বপ্রাপ্ত আবু মহম্মদ আল-বেঙ্গলি নামে একজনে নামও ঘোষণা করেছে এই সন্ত্রাস সংগঠনটি।
বাংলা, ইংরেজি ও হিন্দিতে একটি পোস্টার প্রকাশ করেছে ইসলামিক স্টেট। তাতে বলা হয়েছে, ‘বাংলা ও হিন্দে খিলাফার সৈনিকদের চুপ করিয়ে দিয়েছেন বলে যদি আপনারা মনে করেন তাহলে শুনুন, আমাদের কখনও চুপ করিয়ে দেয়া যায় না। বদলা নেয়ার তৃষ্ণা কখনও মোছার নয়।
ঢাকায় একটি সিনেমা হলের কাছে একটি ছোট বিস্ফোরণ ঘটানোর পরদিনই এই হুমকি দিল আইএস। সোমবার রাতে গুলিস্তান সিনেমা হলের সামনে ছোট একটি বিস্ফোরণ হয়। খুব বড় কোনো ক্ষয়ক্ষতি না-হলেও কয়েকজন পুলিশকর্মী তাতে আহত হন।
মঙ্গলবার ভোরে তাদের মুখপত্র বিবৃতি দিয়ে ভারত ও বাংলাদেশকে হুমকি দিয়েছে । বাগদাদির ভাষণ-সহ এই হুমকি বাংলায় অনুবাদ করে দেয়া হয়েছে। দিনকয়েক আগেই আরও একটি বাংলায় পোস্টারে এমনই ইঙ্গিত মিলেছিল। ইসলামিক স্টেটকে সমর্থনকারী একটি টেলিগ্রাম চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া একটি পোস্টার বাংলা হরফে লেখা হয়, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’। সূত্র: এইসময়
আইএসের দায় স্বীকারের তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলিস্তানে ককটেল হামলায় ২ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার ষড়যন্ত্রের অংশ কি না, তাই এখন তদন্ত হচ্ছে। তদন্তের পরই বলা যাবে প্রকৃত কারণ। সেক্ষেত্রে দোষীদের আইনের আওতায় আনা হবে।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে লায়ন জেলা ৩১৫ বি/১ বাংলাদেশের ২৩তম বার্ষিক সম্মেলন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, কোনো ঘটনা ঘটলেই আইএস দায় স্বীকার করছে। সাইট ইন্টেলিজেন্স বিবৃতি দিচ্ছে, এটি ষড়যন্ত্র। তবে যে যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই। বাংলাদেশের মানুষ কখনো সন্ত্রাসকে পছন্দ করে না।
তিনি বলেন, অতীতের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, কোনো ঘটনা ঘটামাত্র মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমেরিকা ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স নামের ওয়েবসাইট থেকে আইএস দায় শিকার করে নেয়। এটি একটি ষড়যন্ত্র। যে যতোই ষড়যন্ত্র করুক বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান নেই। বাংলাদেশের মানুষ কখনো সন্ত্রাসকে পছন্দ করে না, কোনোদিন জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয় না।
প্রসঙ্গত, গত সোমবার রাতে গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় দুই পুলিশের ওপর হামলা হয়েছে। এ হামলায় দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ ৩ জন আহত হন। আহতরা হলেন ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম ও লিটন এবং কমিউনিটি পুলিশ মো. আশিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস।