• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |

কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত আইজিপি রৌশন আরা নিহত

সিসি ডেস্ক, ৬ মে ।। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কঙ্গোতে কর্মরত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) রৌশন আরা বেগম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুলিশ সুপার ফারজানা এবং গাড়িচালক।

নিহত রৌশন আরা বাংলাদেশ পুলিশের প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত দ্বিতীয় নারী।

গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কঙ্গোর কিনসা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

রৌশন আরাকে বহনকারী গাড়ির সঙ্গে স্থানীয় একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁদের বহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যাওয়ায় রৌশন আরা নিহত ও তাতে থাকা পুলিশ সুপার ফারজানা এবং গাড়িচালক ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

রৌশন আরা রাজধানী ঢাকার মগবাজারের সাবেক টিএন্ডটি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ভিকারুননিসা-নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স), এমএসএস ডিগ্রি অর্জন করেন।

জানা গেছে, ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন রৌশন আরা বেগম। তিনি ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে মুন্সীগঞ্জে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৬ নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। রৌশন আরা বেগম দ্বিতীয় নারী, যিনি এ পদে আসীন হয়েছেন।

রৌশন আরা দেশের বাইরে যুক্তরাজ্যের পুলিশ স্টাফ কলেজ, ব্রামশিল থেকে স্ট্রাটেজিক প্ল্যানিং কোর্স এবং লিডারশিপ কোর্স ফর ফিমেললিডারস ইন ইন্টারন্যাশনাল একাডেমি কোর্সে অংশগ্রহণ করেন। পুলিশ বাহিনীতে অবদানের স্বীকৃতি স্বরূপ দুইবার আইজিপি ব্যাচপ্রাপ্ত হন এবং বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুলিশ পদক ‘পিপিএম’ লাভ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ