ঢাকা, ৬ আগষ্ট ।। ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে আসেনি রোগীর সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ জরুরি সভায় তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পরিচ্ছন্নতার নামে ফটোসেশনের সমালোচনা করে বলেন, নগরের প্রতিটি ওয়ার্ডে কার্যকরভাবে পরিচ্ছন্নতা অভিযান চলছে কি না তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা অভিযানের সবশেষ অবস্থা নিয়ে সকালে বিশেষ জরুরি সভায় বসে আওয়ামী লীগ। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশের ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা স্মরণ করিয়ে ওবায়দুল কাদের জানান, মশা নিধনে অগ্রগতির কথা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এসময় তিনি পরিচ্ছন্নতার নামে ফটোসেশনের কড়া সমালোচনা করেন।
ওবায়দুল কাদের আরো বলেন, ঢাকা এখনও পৃথিবীর সবচেয়ে নোংরা শহরগুলোর একটি উল্লেখ করে ওবায়দুল কাদের, দুই সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার আহ্বান জানান । বলেন, শুধু কথায় নয় কাজের মাধ্যমে দেশকে ডেঙ্গুমুক্ত করতে হবে।