• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন |

সৈয়দপুরের পাতাকুঁড়িতে অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ, ২৪ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুরে কয়াগোলাহাট এলাকায় অবস্থিত বিনোদন পার্ক পাতাকুঁড়িতে অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শনিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই মানববন্ধন করেছেন কয়াগোলাহাট এলাকাবাসী।

বেলা ১১ টায় শুরু হওয়া মানববন্ধন চলাকালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর সরকার, এলাকাবাসী মো. মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মোতালেব হোসেন হক, মো. আরিফ হোসেন ও শেখ সোহাগ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, কয়াগোলাহাট এলাকায় সৈয়দপুর শহরের বাসিন্দা আলহাজ্ব মো. জয়নাল আবেদীন সরকার অবৈধভাবে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলেন বিনোদন পার্ক পাতাকুঁড়ি। আর পার্ক স্থাপনের পর থেকে সেখানে নানা রকম অসামাজিক কার্যকলাপ চলছে। এতে করে এলাকার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। অসামাজিক কার্যকলাপের জন্য এলাকার নারী-পুরুষের স্বাভাবিকভাবে চলাচল করা একেবারে দুরূহ হয়ে পড়েছে। তাই বক্তারা এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অবিলম্বে পার্কের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানান। অন্যথায় পার্ক বন্ধের দাবিতে তারা আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তারা আরও বলেন, পাতাকুঁড়ির অসামাজিক কাজের প্রতিবাদ করায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ সরকারকে চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা সোহাগ সরকারের নিঃশর্ত মুক্তির  দাবী জানান।

ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহনকারী এলাকাবাসী পার্ক বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান লেখা ফেস্টুন, পোস্টার ও ব্যানার বহন করেন। মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ