ঢাকা, ১ সেপ্টেম্বর।। কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের দায়ে বিভিন্ন রুটের ১৩ জন যাত্রীকে আটক করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী। আগেভাগে ঘোষণা দিয়ে রোববার সকাল থেকে এই অভিযানে নামে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি ছাদে ভ্রমণ ঠেকানোর এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে বাস্তবায়ন কমিটি।
সম্প্রতি ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে সংবাদ বিজ্ঞপ্তি দেয় রেলপথ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতা কমলাপুর রেলস্টশনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ও ঢাকায় আসা ট্রেনগুলোতে কোনো যাত্রী যেন অবৈধভাবে ভ্রমণ করতে না পারে সে ব্যাপারে তৎপরতা চালায় রেল কর্তৃপক্ষ।
এসময় ট্রেনের ইঞ্জিন ও ছাদে ভ্রমণের দায়ে ১৩ জনকে আটক করা হয়। আটককৃতরা আইন ভঙ্গ করে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণ করছিলেন, বলছে রেলের নিরাপত্তা বাহিনী। আটককৃতদের এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এরমধ্যে বয়স কম হওয়ায় আটকের পর ছেড়ে দেয়া হয় তিন শিশুকে।
রেল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন প্রায় তিন লাখ যাত্রী ট্রেনে চলাচল করেন। এরমধ্যে কিছু ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ভ্রমণ করেন। তাদের ঠেকাতেই এ উদ্যোগ। এছাড়া যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয় এই কার্যক্রম। যা থাকবে চলমান।
অনিরাপদ ভ্রমণে অঙ্গহানি বা জীবন বিপন্ন হতে পারে। তাই এ ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি অনুরোধও জানান তিনি। আর এ কর্মসূচিকে স্বাগত জানিয়েছে সচেতন যাত্রীরা।