পীরগঞ্জ (রংপুর), ১৪ সেপ্টেম্বর।। রংপুরের পীরগঞ্জে সুরভী আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার কুমেদপুর ইউনিয়নের চন্ডিপুর শাহাপাড়া গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুরভী ওই পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের হিরু মিয়ার কন্যা এবং চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সুরভীর মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সুরভী তার নানা চন্ডিপুর গ্রামের বাসিন্দা মহসীন আলীর বাড়িতে থেকে লেখাপড়া করছিল। শুক্রবার বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুরভী। শনিবার সকাল ৮.৩০ মিনিটে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র সাংবাদিকদের বলেন, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোর প্রস্তুতি চলছে। রির্পোট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।