রংপুর, ২৮ সেপ্টেম্বর।। রংপুরে বাসচাপায় ইতি আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রংপুরে নগরীর পাট-ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের পাঁচ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ইতি আক্তার নগরীর ৩২নং ওয়ার্ডের নগর মীরগঞ্জ এলাকার দুলাল হোসেনের মেয়ে। সে রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে কলেজ যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইতি আক্তার। ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইতি আক্তার।
সূত্রে আরো জানা যায়, বাসটি দমদমা ব্রিজ এলাকায় পৌঁছালে যাত্রীসহ বাস ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে নগরীর তাজহাট থানা পুলিশ বাসটি আটক করে। পরে তারা ইতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তাজহাট থানা পুলিশের ওসি শেখ রোকনুজ্জামান বলেন, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।