ঢাকা, ১১ অক্টোবর।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে সিলেটের শাহ কিরন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. মাজেদুল ইসলাম (২১) বুয়েটের এমএমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। সে আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার এজহারভুক্ত আসামি।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে সিলেটের শাহ কিরন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা-দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। এ সময় মাজেদুলকে গ্রেফতার করা হয়।
এর আগে গত রবিবার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা সংক্রান্তে নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় মামলা করেন। এ পর্যন্ত আবরার হত্যার ঘটনায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হলো।