সিসি ডেস্ক, ২০ অক্টোবর।। অবশেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বাড়িধারা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।
শনিবার রাতে র্যাব কর্মকর্তা লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, নানান দুর্নীতি অপকর্মে জড়িত থাকার অভিযোগে গত কয়েকদিন ধরে ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ধরার চেষ্টা করছিলেন তারা। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে বারিধারার ওই বাসা থেকে আজ (শনিবার) রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পাওয়া তথ্য যাচাই বাছাই শেষে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে আজ শনিবার ১১টার দিকে বারিধারা আবাসিক এলাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর ওই বাসায় এ অভিযান অভিযান চালিয়ে প্রথমে বাসাটি ঘিরে রাখে র্যাব। এরপর ওই বাসায় তল্লাশি চালানো হয়। প্রায় আধাঘণ্টা তল্লাশি শেষে এক বন্ধুর বাসা থেকে রাজীবকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে র্যাব।
কালের কণ্ঠ