সিসি ডেস্ক, ২৯ অক্টোবর।। রহস্যময় ব্যক্তি ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে। আগামী ৩০দিন আজিজ মোহাম্মদের ব্যাংক হিসাবগুলোতে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।
সোমবার বিএফআইইউ সূত্র সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে শাহেদুল হক নামে আরো এক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত ও হিসাবের সব ধরনের তথ্য তলব করা হয়েছে। ৩০ অক্টোবরের মধ্যে এসব তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
চিঠিতে বলা হয়, ওইসব ব্যক্তির নামে বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব অতীতে বা বর্তমানে থাকলে সেগুলোর যাবতীয় কাগজপত্রসহ হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
আজিজ মোহাম্মদ ভাই ও তার স্বার্থ সংশ্লিষ্ট হিসাবগুলোতে এখন থেকে কোনো লেনদেন করা যাবে না। মানি লন্ডারিং আইন অনুযায়ী আগামী ৩০ দিন হিসাবগুলো স্থগিত থাকবে। এরপর প্রয়োজন মনে করলে বিএফআইইউ’র মেয়াদ আরো বাড়াতে পারবে।
এরে আগে গত রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া যায়। আটক করা হয় তার বাড়ির দুই কেয়ারটেকারকে।
জানা গেছে, ১৯৯৭ সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর যে কয়জনের বিরুদ্ধে অভিযোগ উঠে তাদের মধ্যে তিনি অন্যতম। সালমান শাহের মৃত্যুর দুই বছর পর ১৯৯৯ সালে ঢাকা ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। এ হত্যায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।