রাজশাহী, ২৮ নভেম্বর।। ফের এক লাইনে উঠে পড়েছিল দুটি ট্রেন। কিন্তু এবার প্রাণে রক্ষা পেয়েছে সেই দুটি ট্রেনের হাজারো যাত্রী। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে সিরাজগঞ্জগামী ৬ ডাউন মেইল ট্রেনটি আগে থেকে আড়ানী স্টেশনের ১ নম্বর লাইনে অবস্থান করছিল। ঠিক সেই সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিও একই লাইনে ঢুকে পড়ে।
এতে দুই ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এবার আর ভুল হয়নি ট্রেন চালকের। কপোতাক্ষ এক্সপ্রেসের চালক দক্ষতার সঙ্গে তার ট্রেনটি অন্য ট্রেনটি থেকে মাত্র ৩০ ফুট দূরে থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটির শত শত যাত্রী।
রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মোহাম্মদ আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, মেইল ট্রেনটি আগে থেকেই আড়ানী স্টেশনের ১নং লাইনে অবস্থান করছিল। এ সময় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ওই লাইনে ঢুকে পড়ে। পয়েন্টসম্যান ২নং লাইন ক্লিয়ার না দিয়ে ১নং লাইনে কপোতাক্ষ এক্সপ্রেসকে ক্লিয়ার দিয়েছিলেন।
আর এতেই মুখোমুখি চলে আসে ট্রেন দুটি। তবে গতি কম থাকায় কপোতাক্ষ এক্সপ্রেসের চালক দক্ষতার সঙ্গে ট্রেনটি থামিয়ে দিয়েছেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটির যাত্রীরা।
তিনি আরও জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবাহানকে এই কমিটির প্রধান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে।