দিনাজপুর, ৭ মার্চ।। দিনাজপুরের বিরলে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে ঘাতক ত্র্যাম্বুলেন্সটিতে অগ্নিসংযোগ করে জ¦ালিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই ঘন্টা পর সড়ক চলাচল স্বাভাবিক করেছে।
ঘটনাটি ঘটেছে,আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের বিরল উপজেলার দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের ফরাক্কাবাদ ইউনিয়নের বাজারদিঘী নামক স্থানে।
নিহতরা হলেন,বিরল উপজেলার চককাঞ্চন (নতুন পাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো.লাবু (২৩) ও একই উপজেলার তেঘরা (মহেশপুর) গ্রামের মতিউর রহমানের ছেলে রাব্বী (২২)। তারা উভয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের আরোহী।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকালে বোচাগঞ্জ থেকে দিনাজপর শহরের উদ্দেশ্যে যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। পথিমধ্যে বাজারদিঘী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায়। এর পর বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে ঘাতক ত্র্যাম্বুলেন্সটিতে অগ্নিসংযোগ করে জ¦ালিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক চলাচল স্বাভাবিক করেছে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উল্লেখ্য,নিহত মো. লাবু শহরের বালুয়াডাঙ্গা এলাকার মোটরসাইকেল মেরামত দোকানের কর্মচারী ছিলো। সে কয়েকদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলো।