দিনাজপুর, ১৮ মার্চ ।। দিনাজপুর সদরে মৌমাছির আক্রমণে আব্দুর রউফ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ১২ জন। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে সদর উপজেলার ফাসিলাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে । নিহত আব্দুর রউফ (৫০) বাড়ি বিরল উপজেলার বিরল ইউনিয়নের রবিপুর গ্রামে।
পুলিশ জানায়, ফাসিলাডাঙ্গায় সোলায়মান আলী নামের এক লোকের মৃত্যুতে জানাজা ও দাফনের জন্য গ্রামবাসীসহ তার স্বজনরা একত্রিত হয়েছিলেন। সেখানেই গাছের ডালে একটি মৌচাক ছিল। ঐ মৌচাকে উড়ে আসা একটি ঘুড়ি আঘাত করলে নিচে উপস্থিত লোকজনকে আক্রমণ করে মৌমাছির ঝাঁক।
এ সময় মৌমাছির আক্রমণে আব্দুর রউফসহ ১৩জন আহত হন। আহত অবস্থায় হাসাপাতালে নেয়ার পথে আব্দুর রউফের মৃত্যু হয়।
কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন জানান, গ্রামবাসী আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রউফ মারা যান।