ঢাকা, ২১ মার্চ ।। ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম। করোনা আতঙ্কের মধ্যে শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।
নৌকা প্রতীকে শফিউল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। আর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রবিউল আলম রবি পেয়েছেন মাত্র ৮১৭ ভোট।
৩ লাখ ২১ হাজার ২৭৫ ভোটের মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ১৬,৯৬৫। অর্থাৎ, মাত্র ৫.২৮ শতাংশ ভোট পড়েছে। করোনা আতঙ্কে ভোটার উপস্থিত ছিলো খুবই কম।
এদিকে ফলাফল প্রকাশের আগেই তা প্রত্যাখান করে নতুন ভোটের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি। শনিবার (২১ মার্চ) ভোটগ্রহণ শেষে রাজধানীর বাংলামোটরে প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
রবি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আধিপত্য বিস্তার, দখল ও কেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির কারণে মানুষ ভোট বিমুখ হয়েছে। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারলো না, সে নির্বাচন আমার দল বিএনপি এবং আমি বর্জন করছি। ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।
নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়নি, আপনি যদি এ নির্বাচনে বিজয়ী হন তবে ফলাফল মেনে নেবেন কি- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না সেখানে আমাকে বিজয়ী করা হবে একটা নাটক। জনগণ যেখানে ভোট দেয়ার সুযোগ পায়নি আমি সে ফলাফলও প্রত্যাখ্যান করবো।
এদিকে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেছেন, একটি ভোট পড়লেও নির্বাচন কমিশন ধরে নেবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে।