সিসি ডেস্ক, ১১ এপ্রিল ।। করোনার ভয়াবহতায়ও থেমে নেই শার্শা ও বেনাপোলের মাদক ব্যবসায়ীরা। প্রাণঘাতী করোনার এই দুর্যোগকালেও অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
এ সময় প্রেস লেখা ও জাতীয় পতাকা আঁকা একটি পালসার মোটরসাইকেল ও সাগর হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে গোগা গ্রামের মফিজুরের বাড়ি থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে তেলের ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় রাখা ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলের মালিক বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে মোটর সাইকেলের সামনে প্রেস ও বাংলাদেশের একটি পতাকা আঁকা রয়েছে। মোটরসাইকেলের মালিককে সন্ধান করা হচ্ছে।
অপর এক অভিযানে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাগর হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক সাগর হোসেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের খোকনের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাগরকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে স্থানীয়রা দাবি করেন, করোনাভাইরাস যেখানে বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে, ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০৩টি দেশে। লক ডাউন করা হয়েছে অনেক দেশ। প্রতিবেশী দেশ ভারতে করোনার ভয়াবহতায় ভারত সরকার অনেক আগেই লকডাউন করেছে নিজের দেশকে। সেখানে ভারত থেকে চোরাই পথে মাদক আসা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। কারণ এভাবে মাদকের কারবার চললে প্রতিবেশী ভারত থেকে বাংলাদেশের সীমান্ত এলাকা গুলোতে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। সেকারণে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তারা।
কালেরকন্ঠ