সিসি নিউজ, ১১ এপ্রিল ।। নীলফামারীর ডিমলায় এক কিশোরের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত ওই কিশোরের বাড়ি ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা গ্রামে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
আজ শনিবার সন্ধায় নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ওই কিশোর গাজীপুরের সাইনবোর্ড এলাকার একটি পোশাক তৈরীর কারখানায় নিরাপত্তা কর্মীর কাজ করতেন। গত ৬ এপ্রিল গাজীপুর থেকে ডিমলায় আসেন তিনি। পরের দিন জ্বর দেখা দিলে গত ৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়। আজ সন্ধায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায় বলে জানায় স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ওই কিশোরকে ডিমলা থেকে বিশেষ ব্যবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে আনা হচ্ছে।
এদিকে সংক্রমন প্রতিরোধে ওই কিশোরের বাড়িসহ সুন্দরখাতা গ্রামের ১৪টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
উল্লেখ্য যে, এর আগে জেলার কিশোরগঞ্জে একজন চিকিৎসক (ঢাকা ফেরত) এবং সৈয়দপুরে হোটেল শ্রমিকের (নারায়নগঞ্জ ফেরত) শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।