গোপালগঞ্জ, ১৩ এপ্রিল ।। গোপালগঞ্জের মুকসুদপুর থানার ৩ পুলিশসহ নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৯ জন করোনা রোগী শনাক্ত হল। আক্রান্ত ৯ জনের মধ্যে অধিকাংশই নারায়নগঞ্জ থেকে গোপালগঞ্জ এসেছেন।
সোমবার বিকালে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।
সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, সোমবার দুপুরে দিকে আইইডিসিআর থেকে আরো ৬ জনের দেহে করোনার অস্তিত্ব রয়েছে বলে রিপোর্ট এসেছে। এদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, চন্দ্রদিঘলিয়া এবং গোলাবাড়িয়া গ্রামের ৩জন এবং মুকসুদপুর থানার তিন পুলিশ কনেষ্টবল রয়েছেন।
২৪ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হলে সেখান থেকে ৩ পুলিশ কনেষ্টবলের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। সদরের তিনজনকে আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। মুকসুদপুর থানার তিন কনেষ্টবলকে ইতোমধ্যে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।
এর আগে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী ও সড়ইডাঙ্গায় এক ব্যক্তির দেহে করোনার অস্তিত্ব মেলে।