ঢাকা, ১৪ এপ্রিল ।। শারীরিক চেকআপের জন্য হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে ঢাকায় নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে ঢাকার আজগর আলী হাসপাতালে আনা হয় হেফাজতে ইসলামের এই শীর্ষ নেতাকে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী বলেন, তার (আল্লামা শফীর) শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে তার কিছু চেকআপের প্রয়োজন। তাই হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। তাকে আগেও ঢাকার আজগর আলী মেডিকেলে বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা দিয়েছিলেন। তাই আবারও সেখানে নেওয়া হলো।
১০৩ বছর বয়স্ক এ আলেম বর্তমানে বার্ধক্যজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের গোলপাহাড় এলাকার বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়।