জয়পুরহাট, ২০ এপ্রিল ।। জয়পুরহাটে ৮৫ বস্তা সরকারি চাল সহ একজনকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে আক্কেলপুর উপজেলার কাঁঠাল বাড়িতে আটককৃত মেহেদি হাসানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়। আটককৃত মেহেদি হাসান আক্কেলপুর উপজেলার কোলা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত মেহেদি হাসান সরকারি চাল অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। তিনি একই উপজেলার কাঁঠাল বাড়িতে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ ভাবে মজুত রেখে চালগুলো বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি অবৈধ ৮৫ বস্তা চাল জব্দসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।