সিসি নিউজ, ২৩ এপ্রিল ।। সৈয়দপুর পৌর এলাকার ত্রাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে দুইটি ওয়াডের বাসিন্দারা। আজ বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর পৌরসভার হানিফ মোড় ও আমিন মোড়ে এ বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা দুজন কাউন্সিলরকে ধাওয়া করে। পরে সেখানে সৈয়দপুরের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে ত্রাণ দেওয়ার আশ্বাস দেয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে ত্রাণ না পেয়ে সৈয়দপুর পৌরসভার ১৩ ও ১৪নং ওয়ার্ডের বাঁশবাড়ী ও মিস্ত্রিপাড়ার বিভিন্ন বয়সী নারী-পুরুষ সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম এবং আবিদ হোসেন লাড্ডান ঘটনাস্থলে উপস্থিত হন। তখন বিক্ষুব্ধ লোকজন কাউন্সিলরকে লাঠিসোটা নিয়ে ধাওয়া করেন।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থলে উপস্থিত হন। তারা এলাকাবাসীর সাথে কথা বলে তাদের ত্রাণ দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ‘অবরোধ চলাকালীন কিছু মানুষের নিক্ষেপ করা ঢিলে এক নারী পুলিশ সদস্য পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’