রংপুর, ২৬ এপ্রিল ।। রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
রংপুর সদর কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাতটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে দুইটি অটোরিকশায় করে কয়েকজন যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। এসময় অটোরিকশাগুলো পাগলাপীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরো ১০ জনকে রমেক হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও অংশ নেয়।