দিনাজপুর, ১৮ মে ।। দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে অটোচালক ইয়ানুর রহমান (৩০) নিহত হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের মহেশপুর (পাকড় ড়াংগা) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালক ইয়ানুর রহমান বেদদিঘী ইউনিয়নের দক্ষিণ সৈয়দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) মাহামুদুল হাসান জানান, উপজেলার চিন্তামন থেকে ছেড়ে আসা একটি পিকআপ ফুলবাড়ীর দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চিন্তামন অভিমুখে যাওয়া অটোভ্যান গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক ইয়ানুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। পিকআপটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ফুলবাড়ী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।