সিসি ডেস্ক, ২৩ মে ।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৮৭৩ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫২ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৭৮ জন।
আজ শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এঁরা ১৬ জন পুরুষ এবং চারজন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫২ জনের।
জানানো হয়, নতুন যে ২০ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের আটজন, রংপুর বিভাগের দুইজন, ময়মনসিংহ বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের দুইজন, সিলেট বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন। এঁদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাসায় মারা গেছেন চারজন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছিলেন একজন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৮৬ জন।