চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের কাজের ধীরগতিতে,নদী ভাঙ্গন দেখা দেওয়ায় মানব বন্ধন করেছে এলাকাবাসি।
মঙ্গলবার দুপুরে চিলমারী উপজেলার ফকিরের হাট এলাকায় ডানতীর রক্ষা প্রকল্পের কাজের ধীর গতির হওয়ার কারণে নদী ভাঙ্গনের শিকার হয়েছে। এ কারনে এলাকাবাসী নদীর ঘাটে এ মানববন্ধন করে। কাজের ধীরগতির ফলে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায়, কয়েক হাজার বালুর জিও বস্তা সময় মত নদীতে না ফেলার কারণে পানিতে তলিয়ে যায়। এতে পাউবো বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজারসহ ১০ গ্রামের হাজার হাজার মানুষ নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম, বাইজিদ মিয়া, কয়ছার আলী, শহীদুর রহমান, মজাহার আলী ও জামসেদ আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছিল। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কোন প্রকার বাঁধা প্রদান না করায়, উজানের ঢল ও টানা তিন দিনের বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র নদের পানি, বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। সরকার সময়মত টাকার বরাদ্দ দিলেও ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো সময়মত কাজ না করা ও দীর্ঘদিন থেকে অবাধে বালু উত্তোলন করার ফলে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের কাজ নষ্ট হয়ে যেতে বসেছে। খুব দ্রুত যেন কাজ শেষ করেন, এই হল এলাকাবাসী সকলের দাবি। এব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, আরিফুল ইসলামের মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্ বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।