সিসি নিউজ, ১৮ জুন ।। সৈয়দপুর প্লাজার দোকান মালিক একরাম হোসেনের (৫০) বিরুদ্ধে দোকান লুটতরাজ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মালিকের কাছ থেকে চুক্তিতে নেয়া মিঠু কম্পিউটার এন্ড মোবাইল জগৎ ভিভো শো-রুমের মালিক মমিনুল ইসলাম মিঠু নিজে বাদী হয়ে বুধবার (১৭ জুন) মামলাটি দায়ের করেছেন। মামলায় একরাম হোসেনের দুই পুত্র এনামুল হক (২৫) ও মো. তারেক (২২) সহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়েছে। উল্লেখিত নামীয় আসামীগণের বাসা শহরের চাঁদনগরে।
মামলায় আরজিতে উল্লেখ করা হয়েছে, ব্যবসায়ী মমিনুল ইসলাম মিঠু প্লাজার ব্লক-জি এর ৯নং দোকান এবং তাঁর ভাই মক্কা বোরকা হাউজের মালিক মোসলেম উদ্দিন লিখিত চুক্তিতে একরাম হোসেনের দোকান ভাড়া নেয়। কিন্তু ওই দোকানের মালিক চুক্তি ভঙ্গ করে দোকান ছাড়ার নোটিশ প্রদান করে। বাদী মমিনুল ইসলাম ওই নোটিশের জবাব প্রদান করেছে বলে মামলার উল্লেখ করা হয়েছে। এরপর আসামীগন অজ্ঞাত ১০/১২ জনকে নিয়ে গত ২২ মে (২৮শে রমজান) বাদীর এবং বাদীর ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে এসে কর্মচারীকে মারধর, দোকান ভাংচুর, ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে। তালাবদ্ধ করায় উভয় দোকানে ঈদ বাজারের জন্য প্রায় ২৮ লাখ টাকা মূল্যের সামগ্রী বিপনন-বিক্রি কাজ বন্ধ হয়ে যায়। এতে বাদী ও বাদীর ভাই আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।