ঘোড়াঘাট (দিনাজপুর) ।। ব্যাংক কর্মচারি করোনা আক্রান্ত হওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংককে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম সোমবার বিকালে সোনালী ব্যাংকের ওসমানপুর শাখাটি লকডাউন ঘোষণা করেন। ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম বলেন, ব্যাংকের শাখাটি আগামী ২৫ জুন পর্যন্ত লকডাউন থাকবে। এ সময়ে বন্ধ থাকবে ব্যাংকের সব কার্যক্রম। বন্ধ থাকাকালে ব্যাংকের পার্শ্ববর্তী অন্য শাখায় গ্রাহকদের লেনদেন করতে বলা হয়েছে।
ব্যাংক ম্যানেজার মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসের উপসর্গ থাকা ব্যাংকের অন্য দুই কর্মকর্তাসহ ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে লকডাউন তুলে নেয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকের এই শাখাটি লকডাউনের আওতায় থাকবে।