নীলফামারী প্রতিনিধি ।। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এক কোটি চারা গাছ রোপন ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে ২৫ হাজার চারা গাছ রোপন ও বিতরণ করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা বন বিভাগ চত্বরে ওই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান।
এসময় সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকারসহ সদর উপজেলার ১৫ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান,‘স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামন নূরের আর্থিক সহযোগিতায় এবং সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদরের ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৫ হাজার চারা গাছ রোপন ও বিতরণ করা হচ্ছে। প্রতিটি ইউনিয়েনর এক হাজার দুইশত করে মোট ১৮ হাজার চারা গাছ বিতরণ করা হয়। এসব চারা গাছ মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, নদীর ধার, সড়ক-মহাসড়কের পাশে রোপন এবং ব্যক্তি পর্যায়ে বিতরণ করতে বলা হয়েছে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে।
অপর দিকে একই ভাবে নীলফামারী পৌর এলাকায় সাত হাজার চারা গাছ রোপন ও বিতরণ করবে সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।