• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |

টেকনাফে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

সিসি ডেস্ক ।। টেকনাফে ইয়াবা ও মানব পাচারকারীদের গুলিতে মোহাম্মদ উসমান সিকদার (৪০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্ৰামে এ ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন জানান।

নিহত উসমান সিকদার ওই গ্ৰামের মোহাম্মদ আলীর ছেলে ও টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের বরাতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বলেন, গত রবিবার সন্ধ্যায় একটি ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ করেন উসমান সিকদার।

এ সময় উপজেলার সাবরাং নয়াপাড়া বাজারে সাবরাং ইউপির সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে খুলু মেম্বারের ছেলে মোহাম্মদ শাকের ও কাটাবনিয়ার মোহাম্মদ কাসিমের ছেলে কেফায়েত উল্লাহ প্রকাশ্যে উসমান সিকদারের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এ ঘটনায় উসমন থানায় একটি অভিযোগ ও দায়ের করেছিলেন। ওই ঘটনার জেরে ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় উসমানের গতিরোধ করে গুলি করে তাকে হত্যা করা হয়।

ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উসমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আয়ুব হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই উসমানের মৃত্যু হয়। তার শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তারা ইয়াবা ও মানব পাচারকারী তালিকাভুক্ত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ