• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

সিসি ডেস্ক ।। কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে জমি নিয়ে বিরোধের জের ধরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ইসলামাবাদের চরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইসলামাবাদের চরপাড়া এলাকার আজিজুল বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দীক বলেন,  বসতভিটের সীমানা নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের পরিবারের সঙ্গে আজিজুল বাবুর্চির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। রাত পৌনে ৮টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদা ও তার মেয়েকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। ঘটনাস্থলেই রাশেদার মৃত্যু হয়। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর জান্নাতের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ