• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষ পেলেন শওকত চৌধুরী

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নীলফামারী-৪ আসনের সাবেক এমপি শওকত চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন। আজ শনিবার কেন্দ্র থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৈয়দপুরসহ ৩০টি পৌরসভার প্রার্থী মনোনয়ন দিয়ে ধানের শীষ প্রতীক চূড়ান্ত করা হয়।

এ পৌরসভা নির্বাচনে ১৬ জানুয়ারী ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু ভোটের দুই দিন আগে মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার মারা যান। এ কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ২৮ ফেব্রুয়ারী ভোট নেওয়ার দিন ধার্য করা হয়।

উল্লেখ্য যে, সৈয়দপুর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম আখতার হোসেন বাদলের পত্নী রাফিকা আকতার জাহান বেবী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শিল্পপতি সিদ্দিকুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের নুরুল হুদা ও মোবাইল ফোন প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি।

তবে ৫ম ধাপের নির্বাচনে সৈয়দপুর পৌরসভার মেয়র ও ১২ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদের জন্য ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ।

৩০টি পৌরসভায় মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম পর্যায়ের ৩০টি পৌরসভায় মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। একইসঙ্গে ৩টি উপজেলা পরিষদ এবং ১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে জানানো হয়েছে, ঘোষিত প্রার্থীদের মধ্যে রোববার সকাল ১১টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগ; দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ; দুপুর ২টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের কাছে দলীয় প্রত্যয়নপত্র হস্তান্তর করা হবে।

ঘোষিত ৩০ টি পৌরসভার প্রার্থীরা হচ্ছেন, রংপুরের হারাগাছে মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাটে শামছুল হক, বগুড়ায় রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জে র নাচোলে মাসউদা অফরোজ হক সুচি, রাজশাহীর চারঘাটে জাকিরুল ইসলাম, দূর্গাপুরে জার্জিস হোসেন (সোহেল), ঝিনাইদহের মহেশপুরে আমিরুল ইসলাম খান, কালীগঞ্জে মহাবুবার রহমান, যশোরের কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাস, যশোরে মারুফুল ইসলাম, ভোলায় হারুন অর রশিদ (টুম্যান), চরফ্যাশন মোহাম্মদ হুমায়ুন কবির, জামালপুরের দেওয়ানগঞ্জে সাদেক আকতার নেওয়াজী, ইসলামপুরে রেজাউল করিম ঢালী, মাদারগঞ্জে আব্দুল গফুর, জামালপুরে শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহের নান্দাইলে এএফএম আজিজুল ইসলাম (পিকুল), কিশোরগঞ্জের ভৈরবে মো. শাহীন, মানিকগঞ্জের সিংগাইরে খোরশেদ আলম ভূইয়া, মাদারীপুরের শিবচরে রফিকুল ইসলাম, মাদারীপুরে জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জে এনামুল হক সেলিম, চাঁদপুরের মতলবে এনামুল হক বাদল, শাহরাস্তিতে ফারুক হোসেন মিয়াজী, লক্ষ্মীপুরের রায়পুরে এবিএম জিলানী, চট্টগ্রামের মীরসরাই নুর মোহাম্মদ, বারইয়ারহাটে দিদারুল আলম মিয়াজী, রাউজানে আবু জাফর চৌধুরী, রাঙ্গুনিয়ায় হেলাল উদ্দিন শাহ ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় শওকত চৌধুরী।

৩ টি উপজেলা পরিষদে রাজশাহীর পবায় মামুনুর সরকার (জেড), ঝিনাইদাহের শৈলকুপায় হুমায়ুন বাবর, ফরিদপুরের মধুখালীতে গোলাম মনসুর (নান্নু) এবং ইউনিয়ন পরিষদে পটুয়াখালী কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নে জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ