সিসি নিউজ ।। প্রথম ধাপের ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন এসেছে নীলফামারীতে। দুপুর দুইটায় বেক্সিমকোর দিনাজপুর ডিপো ইনচার্জ অমল কুমার সেন নীলফামারীর সিভিল সার্জন ড. জাহাঙ্গীর কবির ভ্যাকসিনগুলো হস্তান্তর করেন।
বেক্সিমকো ফার্মাসিটিক্যালের একটি ফ্রিজার ভ্যানে ভ্যাকসিনগুলো জেলা ইপিআই স্টোরে আসে। এরপর ইপিআই স্টোরের সংরক্ষণাগারের ফ্রিজারে টিকাগুলো সংরক্ষণ করা হয়। পাঁচটি বক্সে ১২ হাজার করে মোট ছয় হাজার ভায়াল এসেছে। প্রতিটি ভায়ালে মোট ১০ জনকে টিকা প্রয়োগ করা যাবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. রাশিবুল হাসান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা তত্বাবধায়ক কাজী মোহাম্মদ ফরহাদ এসময় উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের গাইড-লাইন অনুযায়ী স্বাস্থ্য সেবা কর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন প্রয়োগের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন ড. জাহাঙ্গীর কবির।