সিসি নিউজ ।। আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এটি সৈয়দপুরের সর্বনিম্ন তাপমাত্রা। সৈয়দপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র এই শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুইদিন পর আজ সকাল ১১টা থেকে সূর্যের দেখা মিললেও রোদে নেই উত্তাপ। সৈয়দপুরের নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষরা আগুন জ্বালিয়ে শীত নিবারন করছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানান, সোমবার সকাল ৯টার সময় এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি মৌসুমে সৈয়দপুরের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রচণ্ড শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক শ্রেণির মানুষ। সাধারণ মানুষকে শীতের কারণে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সড়কে মানুষের চলাচল কম। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে কাজের আশায় শহরে এসে কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে অনেককে। সারাদিন বসে থেকেও মিলছে না কোনো কাজ।কয়েকদিন ধরে চলা শীতের প্রকোপে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি।
শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।