সিসি নিউজ ।। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘গোলাগুলিতে’ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ এর ব্লক বি/৩ এর ফোরকান আহমদের ছেলে জোবায়ের (২৮) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর ব্লক সি এর মৃত আমির হামজার ছেলে দীল মোহাম্মদ (২৫)।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় ওই দুইজনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত দুই বিজিবি সদস্যকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান সহকারি পরিচালক মো. ইয়ার হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।