সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ছাত্রীকে ধর্ষনের দায়ে এক গৃহশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার আসামীর অনুপস্থিতিতে ওই রায় ঘোষনা করেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত ওয়াজেদ আলী টুকু সৈয়দপুর উপজেলার পূর্ব বেলপুুকুর দেড়ানী গ্রামের মৃত খাতির আলীর ছেলে। মামলা দায়েরর পর থেকেই আসামী ওয়াজেদ আলী টুকু পলাতক রয়েছে।
মামলার নথির বিবরণ দিয়ে ওই আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী বলেন, বিয়ের প্রলোভন দিয়ে ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারী থেকে দশম শ্রেণির ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে গৃহশিক্ষক ওয়াজেদ আলী টুকু। এক পর্যায়ে ওই ছাত্রী চার মাসের অন্তঃসত্তা হয়ে পড়লে তাকে বিয়ে করতে অস্বীকৃৃতি জানায় ওয়াজেদ আলী টুকু। এঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে একই বছরের ২৪ জুন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ আদালতে টুকুকে প্রধান করে তিন জনের নামের একটি মামলা দায়ের করেন।
মামলাটি গ্রহনের পর আদালত সৈয়দপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। তদন্ত শেষে ২০০৪ সালের ১৫ আগষ্ট ওয়াজেদ আলী টুকুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।