• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

আল জাজিরার প্রতিবেদন অসৎ উদ্দেশ্যে করা: সেনাপ্রধান

সিসি নিউজ ডেস্ক ।। সেনাবাহিনী, সেনাপ্রধান ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে সম্প্রতি আল জাজিরার প্রচার করা প্রতিবেদনটি অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ওই প্রতিবেদনে সেনাপ্রধানকে হেয় করার মাধ্যমে ‘প্রধানমন্ত্রীকে হেয় করা’ হয় বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার ঢাকায় আর্মি অ্যাভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

প্রতিবেদনটি সম্প্রচারের সময় জেনারেল আহমেদ যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। দেশে ফিরে প্রতিবেদনটি সম্পর্কে তিনি মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন।

আল জাজিরার প্রতিবেদনে বিদেশে তার ভাইদের সাথে দেখা করা এবং বাংলাদেশে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের উপস্থিতি সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোনো সাজা ছিল, না তার বিরুদ্ধে কোনো মামলা ছিল। তার আগেই যে মামলাটি ছিল তা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

সেনাপ্রধান বলেন, আমি যখন সরকারি কাজে কোথাও থাকবো, তখন আমার নিরাপত্তা অফিসিয়ালি নিশ্চিত করা হয়। যে দেশে যাই সেই হোস্ট কান্ট্রি করে থাকে। কিন্তু যখন আমি কোথাও আমার ব্যক্তিগত সফরে থাকি … হয়ত কোনো আত্মীয় স্বজনের কাছে যাই, সেই সময় অফিশিয়াল কোনো প্রোটোকল ব্যবহার করা আমি সমীচীন মনে করি না। আমি মনে করি সেটা অপচয়। সেই দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ কিছু করে থাকে, তাহলে সেটা অসৎ উদ্দেশ্য।

বারবার কেন তাকে ‘টার্গেট’ করা হয় একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে জেনারেল আজিজ আহমেদ বলেন, আপনারাই বুঝে নেন কেন সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হচ্ছে? কারণ এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। আমাকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আপনাদের এই জিনিসটা বুঝতে হবে।

তিনি আরও বলেন, আমার কারণে আমার প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী ও আমাদের সরকার যাতে করে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, আমি সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন। যা কিছু আপনারা শুনছেন এগুলোর কোনো প্রমাণ….বিভিন্ন জায়গা থেকে কাট-পিস সংগ্রহ করে তারা এটা করতেই পারবে, তবে তাদের উদ্দেশ্য হাসিল হবে না।

আল জাজিরার প্রতিবেদনে বাংলাদেশি যারা যুক্ত ছিলেন, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে সেনা প্রধান বলেন, কিছু কিছু ব্যাপার আছে এমন যে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কিছু করার থাকবে না। তবে, আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বা সংস্থা যারা আছে, তারা হয়তো ব্যবস্থা নেবে।

সোমবার রাতে সেনাবাহিনী একটি প্রতিবাদলিপিতেও উল্লেখ করে, সেনাপ্রধানের ভাইয়েরা আগেই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন এবং বাংলাদেশে সেনাপ্রধানের ছেলের বিয়েতে অংশগ্রহণের সময় তারা দণ্ডপ্রাপ্ত ছিলেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ