সিসি নিউজ ডেস্ক ।। সাভারের আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ১০ ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
রোববার নবীনগর সিপিসি-২ কার্যালয়ে ১০ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, সাভারের আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় ডাকাত চক্র দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়ি ও গাড়িতে ডাকাতি করে আসছিল। এ সময় ডাকাতি কাজে ব্যবহূত একটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, তিনটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, একটি বেতের লাঠি ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকরা হলেন- বগুড়া জেলার আশরাফুল ইসলাম, শেরপুর জেলার রুবেল মিয়া, কিশোরগঞ্জ জেলার আফিকুজ্জামান শরিফ, নেত্রকোনা জেলার রফিকুল ইসলাম, গোপালগঞ্জ জেলার রাসেল মুন্সি, নড়াইল জেলার রুবেল মুন্সি, শেরপুর জেলার সাকিব, জামালপুর জেলার ইউসুফ, কুষ্টিয়া জেলার আবু তাহের ও টাঙ্গাইল জেলার সুমন মিয়া।
আটকদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।