• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

টিসিবির পেঁয়াজ ফেলে দেয়া হলো নদীর পাড়ে

নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁর মহাদেবপুরে খোলা বাজারে কম দামে বিক্রি করার জন্য আমদানী করা টিসিবির পিঁয়াজ পঁচে নষ্ট হচ্ছে। ফেলে দেয়া হচ্ছে ময়লার ভাগারে। ডিলাররা বলছেন, ফ্রিজিং করা পেঁয়াজ গুলো অল্প দিনেই পঁচে যাচ্ছে। আর স্থানীয়রা বলছেন অধিক মুনাফার লোভে বেশি দিন মজুদ করে রাখার কারনে নষ্ট হয়ে গেছে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে মহাদেবপুর উপজেলা সদরের আত্রাই নদীর শ্মশানঘাট এলাকায় ৯ বস্তায় ভরা পচে যাওয়া পেঁয়াজ ফেলে রাখা হয়েছে। অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। কয়েকজন গরীব মানুষ ফেলে দেয়া পচা পেঁয়াজ এর মধ্যে থেকেই বেছে বেছে সংগ্রহ করছেন নিজেদের রান্নার কাজে ব্যবহারের জন্য।

ফেলে দেয়া পেঁয়াজ নিতে আসা শুক্কুর হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, হামি গরীব মানুষ বাজারোত পেঁয়াজের ম্যালা দাম আজক্যা বিকালে নদীর পাড়োত একটা পিকাভ্যানোত করা ফেলা দিয়া গেল। তাই ভাবনু যে সেটি থ্যাকা যদি দেখাশুনা এ্যানা ভালো পেঁজাজ পাই বাড়ি লিয়া যামু তাই পেঁয়াজ লিচ্ছি।
তিনি আরও বলেন, হামরা দিনমজুর গরীব মানুষ বাজারোত পেঁয়াজ একন ৪০-৪২ টাকা কেজি বিক্রি হচ্ছে। এত দামে পেঁয়াজ কিনবা যাইয়া হামরা হিমসিম খাই। আর ভর্তুকী দিয়া সরকার সাধারণ মানুষের জন্যি দেয়া পেঁয়াজগুলো সময় মত না বিতরন করা বেশি রাখা দেওয়ার জন্যি মনে হয় নষ্ট হইয়া গেল।

রাকিব আলী নামে ১৪বছরের এক শিশু ফেলে দেয়া নষ্ট পেঁয়াজ থেকে কিছু ব্যবহার উপযোগী পেঁয়াজ সংগ্রহ করছেন এসময় কথা হলে শিশুটি বলেন, এত গুলো পেঁয়াজ ফেলে দিয়ে গেছে সেটা দেখে মনে হলো যদি এখান থেকে কিছু পেঁয়াজ বাড়িতে নিয়ে যাই তবে রান্নার কাজে ব্যবহার করা যাবে।

উপজেলা সদরের টিসিবির ডিলার মাসুদুর রহমান জানান, গত পহেলা মার্চ বগুড়ার টিসিবির গুদাম থেকে দুই মেট্রিক টন পিঁয়াজ কিনেছিলেন। কিন্তু ফ্রিজিং করে রাখা পিঁয়াজ অল্প দিনেই পঁচতে শুরু করে। তার নিজস্ব গুদামের আশেপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ২৭০ কেজি পঁচা পেঁয়াজ ফেলে দিয়েছেন। বাজারে এগুলো ১৫ টাকা কেজি দরে বিক্রি করার কথা। কিন্তু মানুষ এগুলো এখন ১০ টাকা কেজিতেও কিনছেন না। ফলে লোকসান গুণতে হচ্ছে তাকে। উপজেলার অন্য দুজন ডিলারেরও একই অবস্থা বলেও জানান তিনি। নওগাঁর বাজারগুলো দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০ থেকে ৪২ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ