খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের মন্দির ও বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে মানববন্ধন করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘ ও ছাত্র ঐক্য পরিষদ।
মঙ্গলবার (২৩মার্চ) দুপুরে উপজেলার পাকেরহাট সোনালী ব্যাংক সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক জীতেন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন অলোকনাথ সংস্কৃত কলেজের অধ্যক্ষ অতুল চন্দ্র রায়,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তপন চক্রবর্তী ও কিশোর কুমার রায়,উপজেলা শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘের সাধারণ সম্পাদক প্রভাষক তুষার চন্দ্র রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিভু সাহা, পুরোহিত কালীপদ মূখার্জীসহ অনেকে।
এসময় বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।