• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :

মোদিবিরোধী বিক্ষোভের সময় ‘শিশুবক্তা’ রফিকুল আটক

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের পাল্টাপাল্টি ধাওয়া ‍ও সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, দুপুর ১২টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মতিঝিল শাপলাচত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে যুব, ছাত্র অধিকারসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন।

পুলিশ মিছিলের গতিরোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। মিছিলকারীরাও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।

ঘটনার পর মতিঝিল এলাকা থেকে পুলিশ শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানিসহ ১১ জনকে আটক করে নিয়ে যায়।

আটক রফিকুল ইসলাম মাদানী রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেছেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শিশুবক্তা বলেন এবং এ হিসেবেই পরিচিতি পান তিনি। নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক রফিকুল ইসলাম ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের সঙ্গে যুক্ত আছেন বলেও জানা যায়।

বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের নেতা তানজিদ এবং সুবর্ণ নামে দুইজন আহত হয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পাল্টাপাল্টি ধাওয়ার পর শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিকল্প রাস্তা হিসেবে শাপলাচত্বর থেকে ফকিরাপুল হয়ে গাড়ি চলাচল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ