শুক্রবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তের শূণ্য রেখা এলাকায় এই আয়োজন করেন ১৮ বিজিবি ও ৫১ বিএসএফ। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা ফুল ও মিষ্টি বিনিময় করেন।
প্যারেডে প্রধান অতিথি ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। উপস্থিত ছিলেন- বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার শ্রী সুনিল কুমার, বিজিবির ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আজাদ, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আনিসুর রহমান, শিলিগুড়ি সেক্টর বিএসএফের ডিআইজি শ্রী পরশু রাম, ৫১ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট কে উমেশ, পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা।
বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যে বন্ধুপ্রতীম ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল তা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই প্যারেড।’
স্বাধীনতার যুদ্ধে ভারতের অবদান উল্লেখ করে তিনি আরো বলেন, এধরণের অনুষ্ঠান দু’দেশের উন্নয়ন ও মানুষকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে।
বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার শ্রী সুনিল কুমার তার বক্তব্যে বিজিবিকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
এদিকে, দিবসটি স্মরনীয় এবং গৌরবান্বিত করতে দুই দেশের এই যৌথ আয়োজনকে সাধুবাদ জানিয়েছে দর্শনার্থীরা।