।। জুয়েল রায় ।। শিশুদের প্রতিভা সব সময় চমক লাগিয়ে দেয়। তারা যে কি পারে আর কি পারে না তার খুঁজে পাওয়া মুসকিল। কখনও দুষ্টুমিতে ভরিয়ে রাখে মন। আবার কখনও ছোট্ট গলায় গান ধরে জয় করে নেয় হৃদয়। কেউ আবার নাচ করতে পারে ভালো। আবার কেউ আবৃতি করে কবিতা। হাজারটা প্রতিভা রয়েছে তাদের মধ্যে। দরকার শুধু একটু উৎসাহের। আর সেটা পেলেই নিজেদের স্বপ্নের বাস্তবায়নে আরো একধাপ এগিয়ে যায়।
সোশ্যাল মিডিয়ার বদৌলতে আজকাল চট করে চোখে পড়ে যায় খুদেদের নানা প্রতিভা। যেমন এই ৯ বছরের শিশুটির কথাই ভাবুন। কি অসাধারণ কবিতা পাঠ করছে সে। কবি দেবব্রত সিংহের কবিতা তেজ। এই কবিতা পাঠ করতে গেলে বড়দেরও সময় লাগে। কিন্তু এই খুদে কি অনায়াসে পাঠ করে গেল। তার কথা বলার ভঙ্গিমা যেন ছুঁয়ে যায় হৃদয়। কানে বাজতে থাকে তার মিষ্টি গলা।
তার গলায় ‘আমি জামবনির কুঁইরি পাড়ার / শিবু কুঁইরির বিটি সাঁঝলি/কাগজ আওলারা বললেক,/উঁহু অতটুকন বললে হবেক কেনে/তুমি ইবারকার মাধ্যমিকে প্রথম/ তুমাকে বলতে হবে আরও কিছু- এই লাইনগুলো বার বার শুনতে ইচ্ছে করে এই খুদের কণ্ঠে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করা হয়েছে। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের শিশুটি জয় করেছে সবার মন।
গত ১ এপ্রিল সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর অফিসে শিশুটির কন্ঠে উঠে আসে ‘তেজ’ কবিতাটি। পাশে বসা অনলাইনটির সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন। ক্যামেরায় ছিলেন আতিয়ার রহমান। সিসি নিউজের পাঠকের জন্য আবৃতির লিংকটি দেয়া হলো।