ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমারে ঝুপড়ি ঘরের আগুনে ঘুমন্ত ভিক্ষুক জোবেদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে ডোমার প্রেসক্লাব সংলগ্ন রেল লাইনের ধারে তার ঝুপড়ি ঘরে আগুন লাগে। বয়স্ক ভাতার কার্ডে ছোট রাউতা এলাকার মৃত জফির উদ্দিনের স্ত্রী বলে তার পরিচয় পাওয়া গেছে। তবে বোড়াগাড়ি ইউনিয়নের কাঠালতলী এলাকায় তার বাড়ি বলে এলাকাবাসী জানায়।
প্রত্যক্ষদর্শীরা মোঃ সাচ্চু হক জানান, রাত ১টার দিকে আমি বাড়ি থেকে দেখতে পাই ডোমার প্রেসক্লাব সংলগ্ন রেল লাইনের ধারে দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্রুত কয়েকজন এসে দেখি সেখানে থাকা ভিক্ষুক জোবেদা খাতুনের ঝুপড়ি ঘরে আগুন জ্বলছে। বৃদ্ধা জোবেদা খাতুন ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভিক্ষুক জোবেদা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।
ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শাহজান আলী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে সূত্রপাত হয়। এতেই অগ্নিদগ্ধ হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
ডোমার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, জোবেদা খাতুনের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রাতেই সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডোমার পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন জানান, প্রায় ১৫ বছর হতে ডোমার প্রেসক্লাব সংলগ্ন রেল লাইনের ধারে ঝুপড়ি ঘর তুলে বসবাস করে আসছিল বৃদ্ধা জোবেদা খাতুন। ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন তিনি।