• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন সেই রিকশাচালক বাবা

সিসি নিউজ ডেস্ক ।। শিশু জান্নাতকে নিয়ে বাড়ি ফিরে গেছেন ঠাকুরগাঁও থেকে আসা রিকশাচালক বাবা তারেক ইসলাম। বাড়ি ফেরার সময় সন্তানের চিকিৎসায় সহায়তার হাত বাড়ানো সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারটি।

রোববার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ৯ দিন চিকিৎসা নেওয়ার পর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন তারা। এ সময় রিকশাটিও পিকআপ ভ্যানে নেওয়া হয়।

এর আগে বেলা ১১টার দিকে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল হক ওই শিশুটির সুস্থতার ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শিশু জান্নাতের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ৭ দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছিল শিশুটিকে। পেটের মধ্যে নাড়ি পেঁচিয়ে যাওয়ায় শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘ ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সন্তানকে নিয়ে বাড়ি ফেরার আগে বাবা তারেক ইসলাম সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। শূন্য হাতে বাচ্চাকে নিয়ে হাসপাতালে এসেছিলাম। আমার বাচ্চার অপারেশন করাতে এক টাকা খরচ করতে হয়নি। এখন বাচ্চা সুস্থ হয়েছে। বাড়ি ফিরে যাচ্ছি। সংবাদ প্রকাশের কারনে দেশ-বিদেশ থেকে যত টাকা অনুদান পেয়েছি, বাচ্চার ভবিষ্যতের জন্য সেই টাকা দিয়ে জমিজমা কিনেছি।

গত ১৩ এপ্রিল রাতে শিশু জান্নাতকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা চলা অবস্থায় পরদিন উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। কিন্তু অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা জোগাড় করতে না পেরে তিনদিন পর শনিবার রিকশা চালিয়ে সন্তানকে নিয়ে রংপুরে আসেন তারেক।

ব্যাটারিচালিত রিকশাচালক তারেক ইসলাম ও স্ত্রী সুলতানা বেগমের অভাব-অনটনের সংসার। রোজগারের একমাত্র সম্বল একটি ব্যাচারিচালিত রিকশা। তারেক ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালন্দর গ্রামের রামবাবুর গোডাউন এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বড় ছেলে। তার ৯ ও ৩ বছর বয়সী আরও দুই মেয়ে সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ