সিসি নিউজ ।। রাতের বৃষ্টিতে কমে এসেছে সৈয়দপুরের তাপপ্রবাহ। আজ সোমবার (৩ মে) সকাল ৮টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। যা গতকাল রোববার ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। এদিকে রাতে ও সকালের বজ্রসহ বৃষ্টিপাতের ফলে স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। দুদফায় বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার। এ খবর নিশ্চিত করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সোমবার বিকেলের পর থেকে যেকোনও সময় হতে পারে ঝড়-বৃষ্টি। ঢাকাসহ আশেপাশের এলাকা এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত দুইদিন ঢাকাসহ আশেপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে । আজকে সন্ধ্যার পরে যেকোনও সময় কালবৈশাখী হানা দিতে পারে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। চলতি সপ্তাহ জুড়েই অনেক এলাকায় থেমে থেমে ঝড় বৃষ্টি হবে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৪৯ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৯, নেত্রকোনা ও ফরিদপুরে ১৩, নিকলিতে ৩, চট্টগ্রামে ৮, রাঙামাটিতে ১৬, মাদারিপুরে, দিনাজপুরে, কুমিল্লা ও ফেনীতে ১, রংপুরে, মাইজদিকোটে ও সিলেটে ৭, শ্রীমঙ্গলে ৩০, সৈয়দপুরে ১৮, রাজারহাটে ৩৯ এবং চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে।