সিসি নিউজ ডেস্ক ।। জামালপুর সদরের তুলসীরচর ইউনিয়নের গারামারা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে উড়না দিয়ে গলায় কলসি বাঁধা অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গারামারা এলাকায় ভাটির দিকে ভেসে যাচ্ছিল মরদেহটি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের গারামারা এলাকায় ব্রহ্মপুত্র নদ দিয়ে এক নারীর মরদেহ ভেসে ভাটির দিকে যাচ্ছিল। স্থানীয়রা ওই নারীর গলায় উড়না দিয়ে বাঁধা কালো রঙের একটি বড় কলসিও দেখতে পান। স্থানীয়রা পুলিশে খবর দিলে গারামারা এলাকার আওতাধীন বারুয়ামারী ও নিকটবর্তী নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ বেলা পৌনে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের কেউ ওই নারীকে শনাক্ত করতে পারেনি। দুর্বৃত্তরা তাকে হত্যার পর গলায় কলসি বেঁধে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দিয়েছে বলে স্থানীয় গ্রামবাসী ও পুলিশ ধারণা করছে।
স্থানীয় বারুয়ামারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ব্রহ্মপুত্রে ভাসমান ওই নারীর কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরনে একটি ম্যাক্সিজামা রয়েছে। মরদেহে এখনও পচন ধরেনি। তবে পেট ফুলে গেছে। তার শরীরে আঘাতের কোনো ক্ষত পাওয়া যায়নি। সেই দিক থেকে মনে হচ্ছে দুর্বৃত্তরা সোমবার ভোরে বা দিনের কোনো এক সময় তাকে হত্যা করে গলায় কলসি বেঁধে ব্রহ্মপুত্রে ভাসিয়ে দিয়েছিল। কলসি ও উড়নাটি জব্ধ করা হয়েছে। ওই নারীর মরদেহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।