সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরের দু্ই ইউনিয়ন থেকে ৮টি গরু চুরি হয়েছে। ২১ মে শুক্রবার দিবাগত রাতে চোরেরা এসব গরু চুরি করেছে। এর মধ্যে বোতলাগাড়ী ইউনিয়ন থেকে ৫টি ও কামারপুকুর ইউনিয়ন থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার রাতে ঝড়-বৃষ্টির সুযোগে বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল এলাকার আতিয়ার রহমানের বাড়ি থেকে ২টি গাভী, ঠাকুরপাড়ার আজাদের ২টি গাভী এবং কামারপুুকুর ইউনিয়নের ধলাগাছ ফকিরপাড়ার একরামুল হক এর ২টি গাভী ও একটি বাছুর চুরি করে চোরেরা।
গরুর মালিক আতিয়ার রহমান জানান, বৃষ্টির রাতে বাড়ির দরজা ভেঙ্গে ২টি গাভী চুরি করেছে চোরেরা। টের পেয়ে চারপাশে অনেক খোজাখুজি করেও কোন হদিস পাওয়া যায়নি। তিনি জানান, ইউনিয়নে প্রতিদিনই কোথাও না কোথাও গরু চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি এর মাত্রা অনেক বেড়ে গেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এসব চুরির ঘটনা নিশ্চিত করে বোতলাগাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, খবর পেয়েছি। রাতে ঝড় বৃষ্টির মধ্যে গোয়াল ঘরের দরজা ভেঙ্গে গরুগুলো চুরি করা হয়েছে। পুলিশকেও অবহিত করা হয়েছে।
কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, ধলাগাছ ফকিরপাড়ায় একরামুল হকের ২টি গাভী ও একটি বাছুর চোরেরা দরজা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গরু চুরির বিষয়টি তিনি অবগত নন। কেউ চুরির বিষয়ে থানায় অভিযোগ করেনি। গরু চুরির এমন অভিযোগ পেলে অবশ্যই গরু উদ্ধার ও চোরকে আইনের আওতায় নেয়া হবে।