সিসি নিউজ ।। বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্র সমাজ। বৃহষ্পতিবার দুপুরে শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ পাদদেশে জেলা ছাত্র সমাজ আয়োজিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনটির জেলা আহবায়ক মাহমুদ হাসান অয়নের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব শিবলী আহমেদ সবুজ, সদর উপজেলা শাখার আহবায়ক হামিদুল ইসলাম, সৈয়দপুর পৌর শাখার আহবায়ক মামুনুর রশীদসহ অন্যান্যরা এসময় বক্তব্য রাখেন ।
বক্তরা অভিযোগ করে বলেন, করোনা মহামারীতে সারাদেশে বাস, ট্রেন, লঞ্চ, দোকানপাট, হাটবাজার, অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিক্ষা ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরী হয়েছে তা দূরীকরণে অতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান বক্তরা।